সিসি ডেস্ক: মন্ত্রিপরিষদের রদবদলের কারণে সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে ছয়টি গাড়ি।
খোঁজ নিয়ে জানা গেছে, মন্ত্রিপরিষদের নতুন মুখ যোগের পাশাপাশি দপ্তর বদল হতে পারে কয়েকজন মন্ত্রীর। বাদও পড়তে বেশ কয়েকজন। এ নিয়ে নিয়ে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।
শপথ এবং আনুষ্ঠানিকতার জন্য নানা পর্যায় পার করছেন কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে নতুন মন্ত্রিদের জন্য গাড়ি প্রস্তুত, তাদেরকে শপথ বাক্য পাঠ করানো, বঙ্গভবনের সঙ্গে যোগাযোগ, শপথ অনুষ্ঠান আয়োজন।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিদের শপথ পড়ানোর জন্য বঙ্গভবনেও চলছে প্রস্তুতি। আজ সন্ধ্যায় শপথ পড়ানো হবে।
গতকাল সন্ধ্যার পর আওয়ামী লীগের সংসদ সদস্য তারানা হালিম ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি মন্ত্রিপরিষদ সচিবের ফোন পাওয়ার কথা স্বীকার করেছেন। তাদেরকে আজ বিকালে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
নতুন মন্ত্রী হিসেবে এই দুইজনের পাশাপাশি লালমনিরহাটের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের মন্ত্রী হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। বাকি তিনজন কারা, সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তবে নানা নাম শোনা যাচ্ছে সচিবালয়ে।
পুরনো মন্ত্রীদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পদোন্নতি পেয়ে মন্ত্রী হতে পারেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের ফোন পেয়েছেন বলেও নিশ্চিত করেছেন। পূর্ণ মন্ত্রী হতে পারেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাদ পড়ার বিষয়টিও আলোচনায় আছে সচিবালয়ে।