রাজশাহী: সোনালী ব্যাংকের রাজশাহীর তানোর শাখা থেকে এক কোটি উনিশ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ সদস্যরা।
বুধবার (১৫ জুলাই) ভোরে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে র্যাব-৫’র সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটকরা হলেন- টাকা আত্মসাত চক্রের মূলহোতা মহানগরের বোয়ালিয়ার দড়িখরবনা এলাকার মৃত কফিলুদ্দিনের ছেলে এসএম মাসুদ হাসান মাসুদ (৩৫), রাজপাড়ার বহরমপুর ব্যাংক কলোনি এলাকার গোলাম মোস্তফার ছেলে নাজির হোসেন (৩২) ও তার স্ত্রী ছালমা জাহান লিমা (২৮)।
র্যাব-৫’র অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, সোনালী ব্যাংক তানোর শাখায় কর্মরত আইটি কর্মকর্তা নাজির হোসেন তার নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করে স্ত্রী সালমা জাহান লীমার ব্যাংক হিসাব থেকে ৬৩ লাখ ৮৭ হাজার ২৮৮ টাকা ও বাবার ব্যাংক হিসাব থেকে ১৩ লাখ ৩২ হাজার ও ২৩ লাখ টাকাসহ সর্বমোট এক কোটি উনিশ লাখ ২৮৮ টাকা উত্তোলণ করে আত্মসাত করেন।
এর আগে গত ২৪ জুন সোনালী ব্যাংক তানোর শাখার টাকা আত্মসাতের ঘটনায় সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা কর্তৃপক্ষ থানায় ও দুর্নীতি দমন কমিশনে আলাদা দু’টি মামলা করে।