নীলফামারী প্রতিনিধি: ব্লগার নীলাদ্রি নীলের ঘাতকদের গ্রেফতার ও বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বুধবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়স্থ স্বাধীনতা স্মৃতি অম্লাণ চত্ত্বরের সামনে ছাত্র ইউনিয়ন নীলফামারী জেলা শাখা আয়োজিত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে অংশ গ্রহণ করে রাজনৈতিক দল সিপিবি নীলফামারী জেলা শাখা, সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পি গোষ্ঠি, শ্রমজীবি সংগঠন বাংলাদেশ কৃষক-শ্রমিক-খেতমজুর সমিতিসহ বেশ কয়েকটি পেশাজীবি সংগঠন। মানববন্ধন চলাকালে জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক কমল কুমার সরকারের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন নেতা রাকিব আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তৃতাদেন জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, জেলা উদীচীর সহ-সাধারণ স¤পাদক আবুল মনছুর ফকির, দপ্তর সম্পাদক কানু চন্দ্র রায়, কৃষক নেতা উদাস রায়, জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক কমির সদস্য গুরু দয়াল রায়, প্রকাশ রায়, ডালিম রায়, রবি রায় প্রমুখ।
বক্তরা অভিযোগ করে বলেন, দেশে ব্লগার ও মুক্তচিন্তার মানুষদের উপর মৌলবাদীদের আঘাত বেড়েই চলছে।
সরকারের সদিচ্ছা আর বিচারহীনতার অভাবেই মৌলবাদীদের হাতে একের পর এক প্রাণ দিতে হচ্ছে মুক্ত চিন্তার মানুষদের।
সরকার এসব মৌলবাদীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ঘাতক মৌলবাদীরা মুক্ত চিন্তার মানুষ ব্লগার আহমেদ রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাস ও সর্বশেষ নীলাদ্রি চক্রবর্তী নীলকে হত্যা করেছে।
সরকারকে আন্তরিক হওয়ার আহবান জানিয়ে বক্তরা বলেন, মৌলবাদদের পৃষ্ঠপোষকতা না করে দ্রুত এদের গ্রেফতার করে আইনের আওতায় এনে যথাযথ বিচার করে দেশের মুক্ত চিন্তার মানুষদের মুক্তভাবে বাঁচার নিরাপত্তা নিশ্চিত করুন।