ঢাকা: খিলগাঁও থেকে অপহরণ করে উত্তরায় একটি বাসায় দুদিন আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক মাছ বিক্রেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে কিশোরীকে উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
কিশোরীর পরিবার অভিযোগ করেছে, ওই মাছ বিক্রেতা ঘটনাটি কাউকে না জানাতে কিশোরীর পরিবারকে হুমকি দিচ্ছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধর্ষণকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কিশোরীর মা বলেন, ওই মাছ বিক্রেতা তাঁর পাশের কক্ষে থাকতেন। গত বুধবার বাসার সামনে থেকে তিনি কিশোরীকে অপহরণ করে নিয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে মাছ বিক্রেতার স্ত্রী তাঁকে মেয়েটির সন্ধান দেন। গতকাল তিনি নিজে গিয়ে মেয়েকে উদ্ধার করেন।
পুলিশ জানায়, তারা ধর্ষণের শিকার কিশোরীর বাসায় গিয়ে তার সঙ্গে ও তার মায়ের সঙ্গে কথা বলেছে। পরে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।