বগুড়া : সারিয়াকান্দিতে পিকনিকের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে বন্ধুদের ছুরিকাঘাতে আহত কলেজছাত্র রুমান মিয়া (২৩) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে রুমানের মৃত্যু হয়।
নিহত রুমান নারচী ইউনিয়নের গণিকপাড়া গ্রামের পিন্টু মণ্ডলের ছেলে এবং সৈয়দ আহম্মেদ কলেজের ডিগ্রির (পাস) ছাত্র।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর বিজয়ী সদস্য প্রার্থীরা গ্রামে তাদের কর্মীদের পিকনিক করার জন্য ২০ হাজার টাকা দেন। সেই টাকায় পিকনিক হওয়ার পরে নিহত রুমান ও শাকিনের কাছে অন্য বন্ধু হিসাব চান।
এ নিয়ে ২৩ এপ্রিল রাত ১০টার দিকে পিকনিকের ওই টাকার হিসাব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ সময় রুমান ও শাকিনকে ছুরিকাঘাত করেন বন্ধুরা। গুরুতর আহত দুজনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রুমানের অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে রুমান মারা যান।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহেদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে।