মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে কুলাউড়া থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বপন রাজভর (২০) নামের এক প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও শিশুটির স্বজনদের সূত্রে জানা যায়, ওই শিশুর বাবা চা-বাগানের শ্রমিক। সোমবার সকালের দিকে তিনি কাজে চলে যান। দুপুরের দিকে শিশুটিকে ঘরে রেখে তার মা পাশের একটি বাড়িতে কাজে যান। এ সুযোগে প্রতিবেশী স্বপন রাজভর এসে দুই টাকার একটি নোট বের করে শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার বসতঘরে নিয়ে যান। একপর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটিকে বাড়ি পৌঁছে দিয়ে তিনি পালিয়ে যান।
কাজ থেকে ফেরার পর শিশুটি কেঁদে কেঁদে তার মাকে ঘটনাটি খুলে বলে। খবর পেয়ে ওই দিন রাতেই বাগানে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় স্বপনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বেলা দুইটার দিকে শিশুটির বাবা বাদী হয়ে স্বপনকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামতও পাওয়া গেছে। এ ছাড়া মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। স্বপনকে মৌলভীবাজারে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।