চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদরের মহীপুরে দশম শ্রেণীর কনিকা রানী নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা। এ সময় আরো তিন ছাত্রী আহত হয়। সদর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৯টার দিকে মহিপুর কলেজের কাছে এই হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই স্থানীয় জনতা আব্দুল মালেক নামে ২৮ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।
নিহত কনিকা রানি (১৪) সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামের লক্ষণ ঘোষের মেয়ে। মহিপুর এসএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল সে।
আহত বাকি তিনজন কনিকার সহপাঠী। এদের মধ্যে তারিন আফরোজকে (১৫) চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে, তানজিমা আক্তারকে (১৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মরিয়ম আক্তারকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, মহিপুর বাজারে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল কয়েকজন ছাত্রী। ওই সময় বখাটে মালেক তাদের ওপর হামলা করে এবং হাশুয়া দিয়ে কুপিয়ে জখম করে।
এলাকার লোকজন কনিকাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।