নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে অপহরনের তিন মাস পর এক অপহৃতাকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অপহরনকারী হাসান আলী (২৫) নামের এক যুবক। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলার সদর হাসপাতালে অপহৃতার ডাক্তারী পরীক্ষা শেষে আদালতের নির্দেশে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়। জানা যায়, জেলার ডিমলা সদর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের ইছাহাক আলীর মেয়ে চলতি বছরের এপ্রিল মাসের দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরন হয়। অপহৃতা শালহাটি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীর ছাত্রী ছিলেন। পরে জানা যায়, তাকে পাশ্ববর্তী ডোমার উপজেলার মৌজা পাঙ্গা গ্রামের হাসান আলীর পুত্র সেলিম ইসলাম (২৫) অপহরন করে। এ ঘটনার অপহৃতার নানা বাহাউদ্দিন বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিমলা থানার এসআই শাহাবুদ্দিন গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডোমার বাসষ্টান্ট থেকে অপহরনকারীকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করে।