নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে তিন সন্তানের জননী ৭ মাসের অন্তসত্ত্বা এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত দুবৃত্তরা। নিহত গৃহবধূ হলেন, খালেদা আক্তার (২৮)। সে জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের আজাহারুল ইসলাম ওরফে বাবু’র স্ত্রী। নিহতের স্বামী পেশায় একজন কওমী মাদ্রাসা শিক্ষক।
আজ সোমবার সকালে ওই গৃহবধুর মরদেহ পুলিশ তার স্বামীর বাড়ীর শোয়ার ঘর থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে। নীলফামারী পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, নিহত গৃহবধুর স্বামী আজাহারুল ইসলাম ওরফে বাবু জেলার জলঢাকা উপজেলার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি জলঢাকায় থাকতেন। আর ওই গৃহবধুর দুই বড় মেয়ের মধ্যে একজন থাকে নীলফামারীতে খালার বাড়িতে। অপরজন থাকে কিশোরগঞ্জ উপজেলা ছিটরাজিব গ্রামের নানার বাড়িতে। ওই গৃহবধু তার ৫ বছরের ছেলে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন।
এলাকাবাসী জানায়, আজ সকালে ওই গৃহবধুর ৫ বছরের শিশু সন্তান খালেক সাইফুল্লা চিৎকার করে কান্নাকাটি করছিল। প্রতিবেশীরা এসে দেখতে পায় ঘরের দরজা খোলা। ঘরের ভেতর ওই গৃহবধুর জবাই করা লাশ বিছনাার উপর পড়ে রয়েছে। ধারনা করা হচ্ছে গত ৩১ জুলাই রবিবার দিবাগত রাতের কোন এক সময় দুবৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, ঘটনাটি রহস্যজনক ধারনা করে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে।