বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর-হিলিতে প্রতিপক্ষের কোদালের কোপে হাকিমপুর ডিগ্রী কলেজের প্রভাষক যুবলীগ নেতা বদিউজ্জামান সুজন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ঘাতক শফিকুল ইসলামের বাড়ি-ঘর আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে। তবে ঘাতক শফিকুল পলাতক রয়েছে।
ঘটনাটি ঘটেছে, শনিবার সকাল সোয়া ৮টায় হামিপুর বৈগ্রাম আদর্শ যুব ক্লাবের সামনে।সুজন ওই ক্লাবের সভাপতি এবং বয়ালদার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন। দীর্ঘদিন থেকে একটি পুকুর নিয়ে বৈগ্রাম আদর্শ যুব ক্লাবের সাথে প্রতিবেশী শফিকুলের বিরোধ চলছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রভাষক বদিউজ্জামান সুজন আজ সকালে ওই ক্লাবের সম্মুখ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ঘাতক শফিকুল ইসলাম পেছন দিক থেকে কোদাল দিয়ে মাথায় কোপ মারে। এতে বদিউজ্জামান সুজন ঘটনাস্থলে নিহত হয়। সুজন এক ছেলে এক মেয়ের জনক। তিনি বৈগ্রামের সেলিম মাষ্টারের ছেলে। তার এক বোন সূমি পুলিশের এএসপি হিসেবে কর্মরত। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ঘাতক শফিকুল ইসলামের বাড়ি-ঘর আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে। তবে ঘাতক শফিকুল পলাতক রয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানায়, পরিস্থিতি এখন শান্ত। ঘাতক শফিকুল ইসলামকে ধরার প্রচেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।