রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে দিন দুপুরে এক প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। ওই সময় প্রবাসীর বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝে ডাকাতরা তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকাসহ আসবাবপত্র নিয়ে যায়। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় প্রবাসীর স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার উমরমজিদ ইউপির উমর পান্থাবাড়ী এলাকার বেরুটারী গ্রামে।
সরেজমিন জানা যায়, ওই এলাকার আখতার আহসান (৫২) দীর্ঘ ২২ বছর ধরে পরিবার নিয়ে আবুধাবিতে একটি কোম্পানীতে চাকুরী করে আসছে। অতি সম্প্রতি প্রবাসীর স্ত্রী নুরুন্নাহার বেগম একটি জমি ক্রয় ও রেজিষ্ট্রারী করার জন্য গ্রামের বাড়িতে চলে আসে। প্রবাসীর স্ত্রী নুরুন্নাহার বেগম জানান, আমি সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়িটিতে তালা বন্ধ করে প্রয়োজনীয় কাজে কুড়িগ্রাম শহরে যাই। সেখান থেকে বাড়িতে আনুমানিক বিকাল ৩টার দিকে ফিরে দেখি ঘরের তালা ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে জমি ক্রয়ের জন্য আলমারিতে রাখা ৫ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকারসহ কিছু আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। পরে বিষয়টি নুরুন্নাহার বেগম তার নিকটতম আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে অবহিত করে ওই দিন সন্ধ্যায় রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে রাজারহাট থানার ওসি (তদন্ত) মো. আজিম উদ্দিন বলেন, অভিযোগ দায়েরের পর আমি ওই রাতে নিজেই ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি কেন জানি সন্দেহজনক মনে হচ্ছে। অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।