সিসি নিউজ: হবিগঞ্জের বানিয়াচংয়ে দিনে-দুপুরে স্কুলছাত্রীকে মারধর করেছে রনি নামে এক বখাটে। এ ঘটনায় অভিযুক্ত রনিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দেন। দণ্ডপ্রাপ্ত রনি শীল বানিয়াচং সদরের জাতুকর্ণ পাড়া মহল্লার হরিপদ শীলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৫টার দিকে একটি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। সে নতুন বাজার মসজিদেরর পেছনের রাস্তায় আসা মাত্রই বখাটে রনি তার গতিরোধ করে। পরে ছাত্রীকে চড়-থাপ্পর মারতে থাকে। বিষয়টি আশেপাশের ব্যবসায়ীদের চোখে পড়লে বখাটে রনিকে আটক করে পাশের একটি দোকানে তালাবদ্ধ করে রাখা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে বানিয়াচং থানা পুলিশের এসআই সালামের নেতৃত্বে একদল এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এরপর রাত ৯টায় দিকে উপজেলা চত্বরে আসামির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের সাজা দেন উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সিংহ। বানিয়াচং থানার এসআই আব্দুছ ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।