গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও তার নগ্ন ভিডিও চিত্র ধারণের অভিযোগে সম্রাট মণ্ডল (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে পুলিশ তাকে বরিশাল জেলার আগৈলঝাড়ার চান্দু গ্রাম থেকে গ্রেফতার করে।
সম্রাট মণ্ডলের সহযোগী সজল বিশ্বাস (২২) ও মিঠু বসুকে (২০) গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
শুক্রবার রাতে ওই ছাত্রীর স্কুলশিক্ষক বাবা কোটালীপাড়া থানায় পিঞ্জুরী গ্রামের শ্রীধাম মণ্ডলের ছেলে সম্রাট মণ্ডল, তার সহযোগী বঙ্কিম বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস ও নির্মল বসুর ছেলে মিঠু বসুকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ছাত্রীর পরিবার, পুলিশ জানায়, ওই ছাত্রী গত রোববার রাতে ঘরের বাইরে বের হয়। এ সময় আসামিরা তাকে ধরে বাড়ির পাশে নিয়ে যান। পরে আসামিরা তাকে বিবস্ত্র করে ভিডিওচিত্র ধারণ করে। পরের দিন সোমবার সকালে ওই ছাত্রী বাড়িতে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রীর বাবার অভিযোগ, স্থানীয় বখাটে সম্রাট কিছুদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে সাড়া না দেয়ায় দুই সহযোগীকে নিয়ে ওই বখাটে এ ঘটনা ঘটায়।