ঢাকা: গত ৯ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় জামিনের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জামিন পেলেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি।
বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম জামিনের এ আদেশ দেন। রাত ৮টা ৫০ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
সানির আইনজীবী এম জুয়েল আহম্মেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্রিকেটার আরাফাত সানির আইনজীবী জুয়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় বিচারক সাইফুল ইসলাম সানির জামিনের আদেশ দেন। ৫০ হাজার টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করেন আদালত।’
তিনি বলেন, ‘এর আগে আরাফাত সানির বিরুদ্ধে করা মামলার বাদী নাসরিন নামের ওই তরুণী আদালতে লিখিত আবেদনে বলেন, আরাফাত সানির জামিনে তার কোনো আপত্তি নেই। এর পরই কারাগারে আমরা মুক্তিনামা (বেইলবন্ড) পাঠিয়ে দিয়েছি। সেটি পাওয়ার পরই সানিকে মুক্তি দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা প্রথম মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। ১৫ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল। আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ দিন নির্ধারণ করেন।
এরপর গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের জন্য মারধরের অভিযোগে ক্রিকেটার আরাফাত সানি ও মা নার্গিস আক্তারের বিরুদ্ধে ফের মামলা করেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা।