• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার আহ্বান খালেদার

সিসি ডেস্ক: জীবনের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন করে রোহিঙ্গাদের না নিতে সরকারের অবস্থানের মধ্যে সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা।

লন্ডনে থাকা বিএনপি চেয়ারপারসনের বিবৃতিটি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে গণমাধ্যমে আসে।

বিবৃতিতে খালেদা বলেন, জীবন ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা পুরুষ-নারী-শিশুদের বাংলাদেশে আশ্রয় ও তাদের সার্বিক নিরাপত্তা দেয়ার জন্য আমি দায়িত্বরত বাংলাদেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রতিবেশী দেশ মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার হয়ে কয়েক দশকে ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। বৌদ্ধপ্রধান মিয়ানমারের সরকার রোহিঙ্গা মুসলিমদের নাগরিক মানতে নারাজ।

কয়েক বছর আগে রাখাইন রাজ্যে নিপীড়নের মুখে রোহিঙ্গারা বাংলাদেশ পানে ছুটলে তখন বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেয়। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানও উপেক্ষা করে তারা।

নতুন করে শরণার্থীর চাপ সামলাতে অপরাগতার পাশাপাশি না নেয়ার ক্ষেত্রে রোহিঙ্গাদের জঙ্গি তৎপরতা এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিও দেখানো হয় বাংলাদেশ সরকারের কর্ণধারদের পক্ষ থেকে।

গত বছর রাখাইনে আইনশৃঙ্খলা বাহিনীর চৌকিতে হামলার পর ফের রোহিঙ্গারা বাংলাদেশ পানে ছোটে। তখনও সীমান্ত বন্ধ রাখলেও মানবিক কারণে কিছু সংখ্যককে ঢুকতে দেওয়া হয়, যে সংখ্যা ৫০ হাজারের বেশি।

এবারও একই ঘটনার পর সীমান্তে কড়াকড়ির মধ্যেও অনেক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছেন, তাদের মধ্যে আহতরাও রয়েছেন। অনেকে সীমান্তে বসে আছেন বাংলাদেশে ঢোকার আশায়।

বিবৃতিতে খালেদা জিয়া আরো বলেন, রাখাইন রাজ্যের সহিংসতায় সে দেশের রোহিঙ্গাদের উপর নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় আমি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের সীমান্তের ওপারে মিয়ানমার এলাকায় রোহিঙ্গা পুরুষ-নারী-শিশুরা নিরাপদ আশ্রয়ের জন্য নাফ নদীর বিস্তৃত এলাকা জুড়ে তীরে বসে ভয়ঙ্কর অনিশ্চয়তায় প্রহর গুনছে। এই দৃশ্য অমানবিক, বেদনাদায়ক ও হৃদয়বিদারক।

রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ