নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
নীলফামারী প্রতিনিধি।। সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নীলফামারীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের ডিসির মোড়ে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, সহকারী জেলা সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও আব্দুল কাদিম, ইসলামী ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি সেলিম উদ্দীন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, প্রভাষক ছাদের হোসেন ও কাজী আব্দুল মালেক, সদর উপজেলা আমির আবু হানিফা প্রমুখ।
সভাপতির বক্তব্যে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় বসার পরেই একের পর এক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি বেড়েছে। গণভোটের রায় যদি বাস্তবায়ন করা হতো তাহলে আজকে কোন ভাবেই ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে পারত না। গোপালগঞ্জসহ সারা দেশে সন্ত্রাস সৃষ্টি করতে সাহস পেতো না। তিনি বলেন, অতি দ্রুত অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে বর্তমান সরকারকেই কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।
সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ট্রাফিক মোড়ে পৌঁছে সমাপ্ত হয়।









Comments are closed.