সিসি নিউজ।। নীলফামারীতে পুলিশের বাধায় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে পৌর মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে সামনের সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বাধার মুখে সেখানেই সমাবেশ করে নেতাকর্মীরা।
জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল কারাবন্দি নেতাকর্মীর মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিলের আয়োজন করে জেলা বিএনপি। মিছিল নিয়ে সকাল ১১টার দিকে শহরের পৌর মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে থেকে সড়কে উঠার সময় পুলিশ বাধা দেয়। বাধার মুখে সেখানে সমাবেশ করে নেতাকর্মীরা।
এসময় জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন প্রমুখ।