ডেস্ক রিপোর্ট : না ফেরার দেশে চলে গেলেন পিট সিগার (৯৪)। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি এই ফোক গায়ককে পঞ্চাশের দশকে যুক্তরাষ্ট্র সরকার কালো তালিকাভূক্ত করেছিল। কারণ তিনি ছিলেন বামপন্থী প্রতিবাদী গায়ক।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে, নিউইয়র্কের বেকনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পিট সিগার। সোমবার সেখানেই মৃত্যু হয় তারা। স্বজনরা জানান, কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিখ্যাত `টার্ন! টার্ন! টার্ন!` ও `ইফ আই হ্যাড এ হ্যামার` এর গায়ক পিট সিগার।
১৯৪৮ সালে বন্ধুদের নিয়ে `দ্য ওয়েভার্স` গঠনের মধ্য দিয় পিট সিগারের জনপ্রিয়তা শুরু।
এরপর দীর্ঘ ছয় দশক ধরে পিট সিগার কণ্ঠ দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গানে। অংশ নিয়েছেন এককসহ অনেক কনসার্টে। আঞ্চলিক গান, শিশুদের গান, মজার গান, জীবনমুখী গানের জন্য অজস্র শ্রোতার ভালবাসা ছিল সিগারের জন্য। ২০০৯ সালে ওয়াশিংটনে প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানের কনসার্টেও গেয়েছিলেন এই কিংবদন্তি শিল্পী।
১৯৫০-এর দশকে বামপন্থী প্রতিবাদী গানের জন্য কিংবদন্তি এই শিল্পীকে কালো তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র সরকার। পরে অবশ্য সে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল তার নাম।