মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে হাতি দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না দিলে উল্টে-পাল্টে দেয়া হচ্ছে দোকানের মালামাল ও আসবাবপত্র। আটকে রাখা হচ্ছে চলন্ত দূরপাল্লার যানবাহন। অনেকে এই বিড়ম্বনা থেকে মুক্তি ও হয়রানীর ভয়ে চাঁদার টাকা দিতে বাধ্য হচ্ছেন। এ ব্যাপারে অভিযোগ করেও কোন প্রতিকার হচ্ছেন না ভুক্তভোগীরা। এ চাঁদাবাজির সঙ্গে স্থানীয় প্রভাবশালী নেতার সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগিরা জানান, জেলার ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর মেলার সার্কাসের হাতি দিয়ে চলছে এ চাঁদাবাজি। মেলার আয়োজক একজন সাবেক সাংসদ। তার নির্দেশেই হাতির মাহুত সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাট ও মহাসড়কে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগিরা।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস, মিনিবাস, মালবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন থামিয়ে অভিনব কায়দায় হাতি দিয়ে চাঁদাবাজি করতে দেখা গেছে। টাকা না দিলে আটকে রাখা হচ্ছে যানবাহন, দোকানপাট প্রতিষ্ঠানের মালামাল আসবাবপত্র উল্টিয়ে ফেলে দেয়ার ভয় দেখিয়ে দোকানের মালিকের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে টাকা। ২০ টাকা থেকে ১০০ টাকা পেলে হাতি শুড় দিয়ে সালাম জানিয়ে ফিরছে। ১০ টাকার কম দিলে সেখান থেকে সরছে না আর হাতি! জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে চলছে এ অভিনব চাঁদাবাজি। প্রতিদিন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা চাঁদা তুলছে। এলাকাবাসী হাতির চাঁদাবাজী থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।