রইজ উদ্দিন রকি: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি ফুটেছে। এরই মধ্যে উপজেলার চাষিরা তাদের স্বপ্নের কাঙ্কিত ফলন সরিষা ঘরে তুলতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় (বারি) ১৪ ও (বারি) ১৫ নামের সরিষা আবাদে চাষিরা বেশী ঝুকেছে। এর মধ্যে বারি ১৪ সরিষার ফলন এবার লক্ষ মাত্রার চেয়ে অনেক বেশী হয়েছে। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সরিষা চাষি তৈয়ব জানান, চলতি মৌসুমে ওষুধ ও সারের দাম সহনশীল ও প্রাকৃতিক কোনো সমস্যা না হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার সরিষার উৎপাদন বেশী হয়েছে। তিনি প্রায় ৫ বিঘা জমিতে বারি ১৪ নামের সরিষা চাষ করেছেন। বিঘা প্রতি ৪ থেকে ৫ মণ সরিষা আবাদ হয়, বাজার যদি ন্যায্য মূল্য থাকে তাহলে কাঙ্কিত লাভ ঘরে আসবে। আর অল্প ক’ দিনের মধ্যে জমি থেকে সরিষা ঘরে তুলবেন তিনি। গত বছর মৌসুমের সময় প্রতি মণ সরিষার দাম ছিল প্রায় ২ হাজার টাকা। চাষিদের কাছ থেকে সরাসরি মিলমালিকরা সরিষা কিনল তাহলে চষিরা সরিষার ন্যায্য মূল্য পাবে বলে তিনি জানান।
তবে এবার সরিষার বাজার বাড়তে পারে বলে মিলমালিক সুত্রে জানা গেছে। সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কর্মকর্তা হোমায়ারা মন্ডল জানান, উপজেলায় এবার ১৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ২৮০ টন। তিনি আরো জানান, বর্তমানে তেল উৎপাদনে সরিষার ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি সরিষা গাছ জ্বালানী কাজে ব্যবহারসহ জমিতে পরে থাকা সরিষার আবর্জনা জমি উর্বর করছে। তাই চাষিরা সরিষা চাষে আরো আগ্রহী হচ্ছে।