দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলা সীমান্তে পিস্তলসহ আব্দুল আলীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি’র সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিরল উপজেলার ডুংডুগী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে আটক আব্দুল আলীমকে সীমান্ত এলাকায় ঘুরাফেরা করতে দেখে সন্দেহ হলে বিজিবির টহলদল ধাওয়া করে। এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলে বিজিবির সদস্যরা। পরে তার দেহ তল্লাশী করে একটি পিস্তল উদ্ধার করে। আলীমকে বিরল থানায় সোপর্দ করে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা করেছে বিজিবি। বিরল থানার ভারপ্রাপ্ত (ওসি) আমিরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
হাবিপ্রবিতে শিবিরকর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ কর্মীরা
দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিবিরকর্মী সন্দেহে ভেটেরিনারী তৃতীয়বর্ষের পরীক্ষাথী রমজান আলীকে ছাত্রলীগ অমানবিকভাবে পিটিয়ে আহত করেছে। আশংকাজনক অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩০ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টয় হাবিপ্রবির তৃতীয়বর্ষের ভেটেরিনারী বিভাগের পরীক্ষা দিতে হলে প্রবেশ করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছাত্রলীগের কয়েক জন কর্মী হলে প্রবেশ করে শিক্ষকদের সামনে থেকে রমজানকে শিবিরকর্মী বলে ধরে নিয়ে যায়। রমজানকে হলে নিয়ে বেলা ১২টা পর্যন্ত অমানবিকভাবে মারধর করে একাডেমিক ভবনের সামনে ফেলে রেখে যায়। অন্য ছাত্ররা দেখতে পেয়ে রমজান আলীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
সাধারণ ছাত্রদের অভিযোগ, হাবিপ্রবিতে প্রশাসন কোন ব্যবস্থা নেয় না। ছাত্রলীগ প্রায়ই শিবির সন্দেহে সাধারন ছাত্রদের কাছ থেকে চাঁদা দাবী করছে না দিলে মারধর করে। এতে সাধারন ছাত্রদের মাঝে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে সাধারণ ছাত্রছাত্রীরা উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।