নিউজ ডেস্ক: বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলার রায় শোনামাত্রই অজ্ঞান হয়ে পড়েন চট্টগ্রাম ইউরিয়া সারকারখানার (সিইউএফএল) প্রশাসন বিভাগের তৎকালীন মহাব্যবস্থাপক (জিএম) কে এম এনামুল হক। রায়ে তাঁর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া অপর মামলায় তাঁকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেয়া হয়েছে।
চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
রায়ে অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ এবং অস্ত্র আটক মামলার দুটি ধারায় এই ১৪ জনকে যাবজ্জীবন ও সাত বছর করে কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
গত ২০০৪ সালের ১ এপ্রিল রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদী তীরে অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে এসব অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় পুলিশ আটক করে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব অস্ত্র ও গোলাবারুদের সর্ববৃহৎ চালান ধরা পড়ার পর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।