একশত মূল্যমানের প্রাইজবন্ডের ড্র রোববার
অর্থ-বাণিজ্য ডেস্ক: ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৭৪তম ড্র অনুষ্ঠিত হবে আগামী রোববার। ওই দিন বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে ড্র অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার জাতীয় দৈনিক পত্রিকায় ড্রয়ের ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্র’তে ছয় লাখ টাকার একটি, তিন লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি, ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।








