আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার একমাত্র মহিলা কলেজ গত ১৪ বছরেও এমপিও ভুক্তি হয়নি। ফলে এ প্রতিষ্ঠানে চাকুরিরত ২২ জন শিক্ষক/কর্মচারী সরকারি বেতন-ভাতা না পেয়ে দীর্ঘ দিন থেকে মানবেতর জীবন যাপন করে আসছে। সরকার নারী শিক্ষার জন্য অগ্রনী ভুমিকা পালন করে আসলেও এই ছোঁয়ার প্রতিফলন ঘটেনি রাজিবপুর উপজেলার এ মহিলা কলেজটিতে। রাজনীতির যাঁতাকলে এমপিও ভুক্তি হয়নি কলেজটির। জানাগেছে, ১৯৯৯ সালে কলেজটি স্থাপিত হয়ে উপজেলার নারী শিক্ষার একমাত্র আলোকবর্তিকা হিসেবে কাজ করে আসছে। ২০০৪ সালে একাডেমিক স্বীকৃতি পেয়ে গত ২০১৩ সাল পর্যন্ত ১১ ব্যাচে প্রায় ৬শত ছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করেছে এ প্রতিষ্ঠান থেকে। এর মধ্যে অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি করে জীবিকা অর্জন করছে। অথচ শিক্ষক/কর্মচারীরা বিনা বেতনে শ্রম বিক্রি করে আসছে। একদিনও থেমে থাকেনি তাদের শ্রম। তবুও আশার আলো বুকে ধারন করে আছেন বেতন-ভাতা পেলে হয়ত বেকারত্বের অভিশাপটি ঘুচবে। কলেজের অধ্যক্ষ জানান, চাকুরির বেতন -ভাতা না পাওয়ায় অনেক শিক্ষক/কর্মচারি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি। অনেকে বিবাহ করেও আছেন জালা যন্ত্রনার মধ্যে। নতুন সরকারের প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সকলের প্রতি শিক্ষক/কর্মচারিদের প্রত্যাশা কলেজটিকে এমপিও ভুক্তি করে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবেন। এ ছাড়া মহিলা কলেজটিতে স্নাতক শাখা চালু করে অবহেলিত চরাঞ্চলের নারী শিক্ষাকে বেগমান করার প্রত্যাশা করছেন এলাকাবাসি ।