মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল হাকিম ওরফে ভান্ডারী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মিরসরাই উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রামের সদরঘাট থানার পুলিশ। পুলিশ জানায়, আবদুল হাকিম একজন ‘ভণ্ড পীর’। তিনি পীর সেজে ঝাড়ফুঁক করে থাকেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার নগরের মাদারবাড়ির কাটা বটগাছ এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে হাকিম পালিয়ে যান। হাকিম মাদারবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের আরও অভিযোগ রয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী বলেন, ‘হাকিম এর আগে তাঁর স্বজনদের অনেকের শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। এলাকায় এ ধরনের ঘটনা আগেও তিনি করেছেন বলে আমরা জেনেছি। আট বছরের শিশুটিকে ধর্ষণের কথা তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন।’