সিসি নিউজ: দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের (জাপা) হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী। আজ শুক্রবার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলী ইউনিয়নের নয়নখান শাহপাড়া সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। হুইপ আরো বলেন, গরীবের হক যারা আত্মসাত করবে তাদের ছাড় দেয়া হবেনা। আত্মসাৎকারী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
এসময় হুইপ আরো বলেন, নীলফামারীসহ গোটা উত্তরাঞ্চল বরাবরই অবহেলিত। এ অঞ্চলের উন্নয়নে কখোনো কারো দৃষ্টি ছিলোনা। এলাকাবাসীকে পাশে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা আমার পাশে থাকবেন এবং সহায়তা করবেন। আমি এ এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাবো।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন দপ্তর বাস্তবায়িত ৫৩৩ মিটার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে কিশোরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী শাহ আশরাফুল ইসলাম, ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতা ফয়সাল দিদার দিপু, সোলায়মান সানি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক আলম হোসেন, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহসহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কিশোরগঞ্জ সদর ইউপি কার্যালয়ে প্রায় তিনশত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন হুইপ।