পাবনা: পাবনায় পুলিশের ধাওয়ায় পানিতে লাফ দিয়ে মাসুদ রানা (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত মাসুদ আতাইকুলা থানার বিলকুলা গ্রামের মৃত নায়েব মাষ্টারের ছেলে এবং কলেজের ডিগ্রি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাতে পাবনা সদর উপজেলার বালিয়াহালট গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী মোস্তাক (২০) কে গ্রেপ্তার করতে যায় পাবনার ডিবি পুলিশ। এ সময় মোস্তাকের চাচাত ভাই মাসুদ রানা বালিয়াহালট ব্রিজের উপর দাড়িয়ে গল্প করছিল। ডিবি পুলিশের এসআই রওশন ও এসআই ইয়াসিনের নেতৃত্বে একটি দল সেখানে উপস্থিত হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী মোস্তাককে আটক করে ডিবি পুলিশ। আটক মোস্তাকের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক করা হয় মাসুদ রানাকেও। পুলিশের হাত থেকে পালাতে গিয়ে রাস্তার পাশে পানিতে লাফ দেয়। পরে পুলিশ ডোবায় খোঁজাখুজি করে মাসুদকে না পেয়ে চলে আসে। এদিকে মাসুদ রানার খোঁজ না পেয়ে তার আত্বীয় স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে। পরে শুক্রবার দুপুরে ডোবা থেকে মাসুদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ আরও জানায়, মাসুদের বিরুদ্ধে মাদক সেবন বা বিক্রির কোন অভিযোগ ছিল না। চাচাত ভায়ের সঙ্গে গল্প করায় তাকে জীবন দিতে হলো।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পাবনা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম, (তদন্ত) বদরুদ্দোজা।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার কাজী মিরাজ উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশের ধাওয়ায় এ ধরণের মৃত্যুর কথা তার জানা নেই। তবে গত মঙ্গলবার ওই এলাকায় ডিবি পুলিশ অভিযান চালায় বলে তিনি স্বীকার করেন।