বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জাতীয় পার্টিতে (জাপা) যোগদান করে আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয়ভাবে সারোয়ার জাহান মানিকের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডলের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি জাপায় যোগদান করেন। এসময় তার সঙ্গে শতাধিক ব্যবসায়ী নেতাকর্মী উপস্থিত ছিল। এর আগে সারোয়ার জাহান মানিক জাকের পার্টির সদস্য ছিলেন। তিনি বর্তমানে বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি। এছাড়াও জাপার আসন্ন উপজেলা নির্বাচনের ভাইস মহিলা সংরক্ষণ আসন্ন প্রার্থী হিসেবে রুবিনা বেগমকে দলীয় ভাবে মনোনিত করা হয়।
যোগদান অনুষ্ঠানে সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন, জাপার সাবেক সাধারণ সম্পাদক আকমল হোসেন, পৌর জাপার সভাপতি আব্দুর রাজ্জাক,ব্যবসায়ী আবুবক্কর সিদ্দিক ও নব কুমার সাহা প্রমুখ। এছাড়াও জাপার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারোয়ার জাহান মানিক বদরগঞ্জ পৌরশহরের আফতাফ উদ্দিন মিয়ার ছেলে। তিনি ছাত্র জীবনে ছাত্র লীগের সিনিয়র সভাপতি ছিলেন। এরপর তিনি রাজনীতি ছেড়ে দীর্ঘ ২৮বছর ব্যবসার কাজে জড়িয়ে পড়েন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠন নেতৃত্ব দিতেন। বর্তমানে তিনি ব্যবসা ও ঠিকাদার কাজের সঙ্গে জড়িত। সারোয়ার জাহান মানিক জাপায় যোগদানে নতুন করে উজ্জিবিত হয়েছে সাধারণ কর্মীরা।
এসময় সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য যোগদানকারী মানিকের পক্ষে কাজ করার আহবান জানান।