নিউজ ডেস্ক: নাশকতা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে নিরাপত্তার আওতায় আনতে মহাসড়কে বসানো হবে গোপন সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা। মহাসড়কে গাড়িতে আগুন ও ভাঙচুরের মতো নাশকতা প্রতিরোধে এই ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।
বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ জাকির হোসেন জানান, আগামী জুন মাসেই এই ক্যামেরা বসানোর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। মহাসড়কের চার লেনের মাঝখানের আইল্যান্ডে লোহার খুঁটি গেড়ে ক্যামেরাগুলো বসানো হবে।
তিনি বলেন, প্রথম অবস্থায় চট্টগ্রামের সিটি গেইট থেকে সীতাকু- অংশের বড় দারোগারহাট এলাকা পর্যন্ত মহাসড়কে বসানো হবে এই সিসি ক্যামেরা। পরে ঢাকা পর্যন্ত তা বিস্তৃত করা হবে। সীতাকু- অংশের মহাসড়ককে ক্যামেরার মাধ্যমে মনিটরিং করবে হাইওয়ে থানা।
ওসি বলেন, মহাসড়কের যে সব অংশে ইতোপূর্বে রাতে ডাকাতি ও নাশকতা হয়েছে ওই অংশগুলোকে চিহ্নিত করে বসানো হবে ক্যামেরাগুলো। হাইওয়ে থানায় ডিজিটাল সেল তৈরি করে মহাসড়ককে মনিটরিং করবে পুলিশ। ক্যামেরায় ধারণকৃত নাশকতাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সহায়ক হবে বলে মনে করছে প্রশাসন। এতে করে সড়কে ডাকাতি ও নৈরাজ্য প্রতিরোধ করে জানমালের নিরাপত্তা দিতে পারবে পুলিশ।
জেলা পুলিশ সুপার (ট্রাফিক) ফারুক আহম্মেদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। কাজ শেষ হলেই মহাসড়কের নিরাপত্তায় এবং সকল ধরনের নাশকতা ও ডাকাতি রোধে উন্নত প্রযুক্তির ব্যবহার হিসেবে সিসি ক্যামেরা বসানোর প্রকল্পটির কাজ শুরু করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- অংশের বিভিন্ন এলাকায় রাতে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাত চক্র ডাকাতি করছে।
শীর্ষ নিউজ