ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় শনিবার দুপুরে পানের ঝাপিতে ৪২ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত আইয়ুব আলী মণ্ডল (৬৫) চুয়াডাঙ্গার দর্শনার আকন্দবাড়ীয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, দুপুরে পান বিক্রেতা সেজে পানের ঝাপিতে ফেন্সিডিল নিয়ে শৈলকুপা হয়ে লাঙ্গলবাধ যাওয়ার জন্য থানার সামনে বেবী স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন আইয়ুব। এসময় সন্দেহবশত শৈলকুপা থানার এএসআই বাতেন তল্লাশি করে তার পানের ঝাপি থেকে ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আইয়ুব দীর্ঘদিন ধরে ফেন্সিডিল ব্যবসায় জড়িত। তিনি নানা বেশে শৈলকুপাসহ আশপাশের এলাকায় ফেন্সিডিল সরবরাহ করে আসছিলেন। শনিবার দুপুরে পান ফেরিওয়ালার বেশে ফেন্সিডিল পাচারের সময় ৪২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। তিনি জানান, এ ব্যাপারে শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।