
সিসি নিউজ: দশম জাতীয় সংসদে বিরোধী দলীয় (জাতীয় পার্টি) হুইপ ও নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ একাংশ) আসনের সংসদ আলহাজ্ব মো. শওকত চৌধুরী বলেছেন, এতোদিন অবাঙ্গালীদের (উর্দূভাষী) নিয়ে সকলেই শুধুমাত্র রাজনীতি করেছে। কিন্তু তাদের জীবনমান উন্নয়নে কেউ ভূমিকা রাখেনি। ফলে দীর্ঘদিন যাবৎ আটকেপড়া অবাঙ্গালীরা ক্যাম্পগুলোতে তারা মানবেতর জীবনযাপন করে আসছে। তিনি সৈয়দপুরের ক্যাম্পগুলোতে বসবাসকারী অবাঙ্গালী সম্প্রদায়ের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে বলেন, সৈয়দপুরে বিহারিদের ক্যাম্প জীবনের অবিলম্বে অবসান হবে। তাদের জন্য আবাসন ও নাগরিক সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে।
বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী শনিবার বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেসক্লাবে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওই কথাগুলো বলেন। বিএনপি’র রাজনীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, তারা রাজনীতিতে ফেল করেছে, তারা আর কোমার তুলে দাঁড়াতে পারবেনা। শওকত চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়নে আগ্রহী। সেই ধারাবাহিকতায় দাতারা সরকারের উন্নয়ন কর্মসূচিতে নিজেদের সম্পৃক্ততা বজায় রেখেছে। এ সরকার ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সরকারের গঠনমূলক সমালোচনা ও ভালো কাজে প্রশংসা করবে।
হুইপ শওকত চৌধুরী সৈয়দপুর প্রেসক্লাবের জন্য অত্যাধুনিক একটি বহুতল ভবন নির্মাণের প্রতিশ্র“তি দেন। হুইপ শওকত চৌধুরী সৈয়দপুরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ তুলে ধরে বলেন, এ জনপদে রয়েছে শোকাবহ আত্মত্যাগের ইতিহাস। সৈয়দপুরের অনেক মানুষ মুক্তিযুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছেন। তাদের স্মরণে এখানে একটি জাতীয় মানের স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। এছাড়াও হুইপ শওকত চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা নীলফামারী-৪ তথা সৈয়দপুর-কিশোরগঞ্জের উন্নয়নে বেশকিছু প্রস্তাবনা তুলে ধরেন ।
মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সাপ্তাহিক আলাপন সম্পাদক আমিনুল হক। গোটা মতবিনিময় অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল। এর আগে বাংলাদেশ জমিয়াতুল মুদারেসীন সৈয়দপুর উপজেলা শাখা স্থানীয় মুর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে হুইপ শওকত চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে।