নিউজ ডেস্ক: ‘৭১ এ সংঘটিত হত্যা, গণহত্যা, ধর্ষণ ও লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনে থাকা জাতীয় পার্টির সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে ১৬টি অভিযোগের ভিত্তিতে বিচার শুরু করার আদেশ দিয়েছে আদালত।
তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের সাক্ষীগ্রহণের জন্য আগামী ৪ মার্চ দিন ঠিক করে ওই দিন তার মামলার বিষয়ে সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়।
রোববার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কায়সারের বিরুদ্ধে এ আদেশ দেন। এর আগে কয়েক দফা পিছিয়ে আজ নির্ধারিত দিনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ বিষয়ে চার্জ গঠন করা হলো আদালতের শুনানিতে প্রসিকিউশনের পক্ষে রানাদাস গুপ্ত, সাইফুল ইসলাম, আবুল কালাম ও তাপস বল উপস্থিত ছিলেন। আসামীপক্ষে আব্দুস সোবহান তরফদার, রেজাউল করিম ও আনোয়ার হোসেন উপস্থিত রয়েছেন।
গত ১৩ জানুয়ারি সৈয়দ কায়সারকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া সংক্রান্ত আবেদনের উপর শুনানি করেন। শুনানি শেষ করার পরে আদেশের জন্য এই দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। গত ১১ নভেম্বর ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।
গত ১০ নভেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর জেয়াদ আল মালুমের নেতৃত্বে প্রসিকিউশন টিম কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।