ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ দলটির শীর্ষ পাঁচ নেতার জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও খারিজ করে দেয়া হয়েছে।
রোববার সকাল ১০টায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখে এ আদেশ দেন।
জামিন পাওয়া বিএনপির অন্য নেতারা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও চেয়ারপরসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।
বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মাদ আলী ও সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারুক হোসেন।
এর আগে গত ২১ জানুয়ারি বিএনপির এই পাঁচ নেতাকে হাইকোর্ট জামিন আদেশ দেন। আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে যান। চেম্বার বিচারপতি পরপর দুইবার শুনানির পর তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
আজ শুনানি শেষে আপিল বিভাগ তাদের জামিন আদেশ বহাল রাখেন ও রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দেন।