ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগের ওপর দেয়া হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ২০১৩ সালের জানুয়ারি মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় মেডিকেল টেকনোলোজির বিভিন্ন পদে ২ হাজার ৭৭জন লোকবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে পাশকরা ডিপ্লোমাধারীরা ওই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবে। সে ক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশকরা ডিপ্লোমাধারীরা ওই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবে না। কিন্তু ১৯৮৫ সালের সরকারি গেজেটে বলা হয়েছিল, সরকার স্বীকৃত যে কোনো মেডিকেল থেকে পাশকরা শিক্ষার্থীরা মেডিকেল টেকনোলোজিস্ট হিসেবে নিয়োগ পাবার অধিকার রাখে।
সরকারের ওই গেজেট অমান্য করে স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনোলোজিস্টের বিভিন্ন পদে ২ হাজার ৭৭জন লোকবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্চ করে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত এইম বাংলাদেশ মেডিকেল ইনস্টিটিউটসহ ছয়টি প্রতিষ্ঠান ও পাঁচজন ছাত্র উচ্চ আদালতে একটি রিট দায়ের করেন।
রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট নিয়োগ আদেশের ওপর ছয়মাসের স্থগিতাদেশ জারি করেন। স্বাস্থ্য মন্ত্রণালয় হাইকোর্টের আদেশের বিরোধীতা করে আপিল করেন।
আজ শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ ।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন- সাবেক বিচারপতি মেজবাহ আহমেদ, ব্যারিস্টার শফিক আহমেদ, ব্যারিস্টার মাহবুব শফিক, অ্যাডভোকেট হাফিজুল ইসলাম।