সিসি নিউজ: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমএলএসএস পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহনের আট মাস অতিবাহিত হলেও এখনও ফলাফল প্রকাশ করা হয়নি। আদৌ এই পরীক্ষার ফলাফল দেয়া হবে কিনা এনিয়ে সন্দিহান প্রার্থীরা।
সূত্র মতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের বিভিন্ন সরকারী শিক্ষা প্রতিষ্টান ও অফিসের জন্য এমএলএসএস পদে নিয়োগের জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৩ সালের ১০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে এ পদের প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র জমা নেয়া হয়। নয়’শ ৫৮টি পদের বিপরীতে সারাদেশ থেকে মোট চল্লিশ হাজার ২৫৮টি আবেদন পত্র জমা পড়ে। আর লিখিত পরীক্ষা নেয়া হয় ২০১৩ সালের ৭ জুন ঢাকার ২২টি শিক্ষা প্রতিষ্টানে। সারাদেশের ন্যায় নীলফামারী জেলারও প্রায় পাঁচ শতাধিক প্রার্থী ঢাকায় গিয়ে এই পরীক্ষায় অংশ নেয়। কিন্তু লিখিত পরীক্ষা দেয়ার এক-দু’মাসের মধ্যে ফলাফল বের হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে আজও তা বের হয়নি। এদিকে দীর্ঘদিনেও ফলাফল বের না হওয়া দুঃচিন্তায় পড়েছেন চাকরী প্রার্থীরা। নীলফামারী সদর উপজেলার শাহীপাড়ার আতিকুল ইসলাম, আনারুল ইসলাম, রুনা আক্তার, সুমী আক্তার সহ কয়েকজন প্রার্থী জানায় পরীক্ষা দেয়ার পর থেকে আমরা ফলাফলের জন্য ইন্টারনেট ও জাতীয় পত্রিকা দেখে আসছি। কিন্ত অন্যান্য চাকরীর পরীক্ষার ফলাফল পরীক্ষা গ্রহনের এক-দু’মাসের মধ্যে দেয়া হলেও আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না। শিক্ষা অফিস সহ বিভিন্ন জায়গায় খোজখবর করেছি, কিন্তু কি কারণে দীর্ঘদিনেও লিখিত পরীক্ষার ফলাফল বের হচ্ছে না তা কেউ বলতে পারছে না। আদৌ এই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে কিনা এনিয়ে সন্দেহ রয়েছে বলে জানায় প্রার্থীরা। এ ব্যাপারে নীলফামারী জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম জানায় আদালতে মামলা সংক্রান্ত কারণে ফলাফল প্রকাশসহ নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে বলে তিনি শিক্ষা অধিদপ্তরের উদ্ধর্তন কর্তৃপক্ষের মাধ্যমে জেনেছেন।