ঢাকা: সংশোধিত দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের ২৮(গ) উপধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সংশোধিত আইনের ওই ধারাটি বাতিলেরও আবেদন জানানো হয়েছে। রোববার দুপুরে আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে ওই রিটটি দায়ের করেন। রিটে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, দুদক চেয়ারম্যান ও জাতীয় সংসদের স্পিকারকে বিবাদী করা হয়েছে। এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিচারকদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে পূর্বানুমতি নেওয়ার বিধান রেখে দুদক আইনের ৩২(ক) উপধারা অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।