সিসি ডেস্ক: প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগ করেছে সরকার। সচিব পদমর্যাদায় তাঁকে তিন বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর করা হবে।
আবুল কালাম আজাদ ২০০৯-২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দুতাবাসে প্রেস মিনিস্টার ছিলেন। এরপর তিনি ২০০২ সালে দেশে ফিরে আওয়ামী লীগ সভনেত্রী ও সংসদে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার প্রেস সচিব হিসেবও দায়িত্ব পালন করেন। একটানা দলীয় সভানেত্রীর প্রেস সচিবের দায়িত্ব শেষে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রীর প্রেস সচিব হন তিনি।
শিক্ষাজীবনে আবুল কালাম আজাদ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়া ঊনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সময়ে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা বিভাগীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
আবুল কালাম আজাদ ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাক থেকে সাংবাদিকতার জীবন শুরু করেন। তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিক-কর্মচারীদের জন্য গঠিত পঞ্চম ওয়েজ বোর্ডেরও সদস্য ছিলেন তিনি।
আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যায়লয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, পিআইবি ও প্রেস কাউন্সিলেরও সদস্য ছিলেন। এছাড়া তিনি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু পরিষদের জাতীয় কমিটির সদস্য এবং মুন্সিগঞ্জ জেলার সভাপতি।