ঢাকা: পুলিশের ভয়ে পালাতে গিয়েই গাড়িচাপা পড়ে প্রাণ হারান দারুসসালাম থানা জামায়াতের আমির বেলাল হোসেন (৫০)। সুরতহাল প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে পুলিশ।
সোমবার সকালে পল্লবীর কালশীতে পিকআপের ধাক্কায় বেলাল হোসেনের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে জামায়াত নেতার লাশ নিয়ে যান তাঁর স্বজনরা।
এর আগে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পল্লবী থানার এসআই আবুল হোসেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, সকালে পল্লবীর কালশী রোডের ২ নম্বর ওয়াপদা বিল্ডিংয়ের সামনে বেশকিছু লোকজন জমায়েত হয়। পুলিশ আসছে শুনে তারা এদিক-ওদিক ছুটাছুটি শুরু করে। এ সময় ওই রোডের পূর্ব দিক থেকে সাদা রঙের একটি পিকআপ এসে বেলালকে ধাক্কা দেয়। সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক ১০ টা ১০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।’
পুলিশ বলছে, বেলালের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগে মিরপুর ও পল্লবীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জানা যায়, জামায়াত আমির মতিউর রহমান নিজামীকে দশ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দন্ডে দন্ডিত করার প্রতিবাদে সকালে কালশীতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। এতে যোগ দেন বেলালও।
এ সময় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের সংঘর্ষের একপর্যায়ে পালানোর সময় পিকআপের ধাক্কায় বেলাল হোসেনের মৃত্যু হয়। এছাড়া সংঘর্ষের সময় জামায়াতের নেতা-কর্মীদের ছোড়া হাতবোমায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। কয়েকটি গাড়িও ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা।
বেলালের বাবার নাম গিয়াস উদ্দিন। গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদেরগঞ্জের মহেষকান্দিতে। বেলাল কল্যানপুর ইবনে সিনা হাসপাতালের মসজিদের পেশ ইমাম। ওই হাসপাতালের কোয়ার্টারেই থাকতেন।