নিউজ ডেস্ক: শীতের শহর হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল ৬টা ও ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
রোববারও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার হারুনুর রশিদ এ তথ্য জানিয়েছেন।
কনকনে ঠাণ্ডা, হাঁড় কাপানো প্রচণ্ড শীতে কাঁপছে শ্রীমঙ্গলের মানুষ। ২০৫টি গ্রাম, ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও ৪৪টি চা বাগান নিয়ে গঠিত এ উপজেলার সাধারণ জীবনযাত্রা তীব্র শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস আরও জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি, ২০১৩ সালের ১০ জানুয়ারি এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। চা শিল্পসমৃদ্ধ শহর শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোতে শীতের তীব্রতা সবচেয়ে বেশি।
এদিকে, মৃদু শৈত্যপ্রবাহ, তীব্র শীত ও কনকনে ঠাণ্ডায় দুঃস্থ ও শীতার্ত মানুষের কষ্ট ও দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতের কারণে সর্দি, কাশি, হাঁপানি, শিশুদের শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত রোগে অর্ধশতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: অশোক ঘোষ।
তিনি জানান, গত ৩ দিনে ঠাণ্ডাজনিত রোগে শিশু ও বৃদ্ধসহ ৫০ জন রোগী ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।