সিসি নিউজ: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ৯৮ উপজেলায় প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর এবার প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জন্য এখন ২০টি, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জন্য ১৫টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জন্য ১৫টি প্রতীক চূড়ান্ত করে ইসি।
উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য নির্ধারিত ১০ প্রতীক হল ‘আনারস, কাপ-পিরিচ, চিংড়িমাছ, মোটরসাইকেল, ঘোড়া, টেলিফোন, দোয়াত-কলম, ব্যাটারি, হেলিকপ্টার ও ফেজটুপি। এছাড়া চেয়ারম্যানের জন্য যে ১০টি অতিরিক্ত প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো হল একতারা, ময়ূর, বাঁশি, লাটিম, হাতী, স্টিলের আলমারি, ডাব, কেটলি, গ্লাস ও রেল ইঞ্জিন।
ভাইস চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত ১০টি প্রতীক হল চশমা, টাইপরাইটার, তালা, টিউবওয়েল, মাইক, উড়োজাহাজ, টিয়াপাখি, জাহাজ, বই ও বৈদ্যুতিক বাল্ব। এছাড়া ভাইস চেয়ারম্যান পদের জন্য যে ৫টি অতিরিক্ত প্রতীক বরাদ্দ দেওয়া হয় সেগুলো হল দাবা বোর্ড, পানপাতা, সিংহ, ক্রিকেট ব্যাট ও ঘুড়ি।
মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য নির্ধারিত ১০টি প্রতীক হল প্রজাপতি, হাঁস, ফুটবল, ক্যামেরা, কলস, পদ্মফুল, ফুলের টব, বৈদ্যুতিক পাখা, তীর-ধনুক ও সেলাই মেশিন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য অতিরিক্ত বরাদ্দকৃত প্রতীকগুলো হল টিফিন ক্যারিয়ার, মূলা, ফ্ল্যাক্স, তবলা ও সুটকেস।
প্রসঙ্গত, চতুর্থ উপজেলা নির্বাচন ছয় ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এরই মধ্যে প্রথম দুই ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী প্রথম ধাপের ৯৮টি উপজেলায় ভোটগ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপে ১১৭টিতে ২৭ ফেব্রুয়ারি। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামী ১৯ ফেব্রুয়ারি ৪০টি জেলার ৯৮টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে ভোটগ্রহণ হবে। এছাড়া তৃতীয় ধাপে ১৫ মার্চ ৭৪টি, চতুর্থ ধাপে ২৫ মার্চ ৭২টি, পঞ্চম ধাপে ৩১ মার্চ ৬৫টি এবং ষষ্ঠ ধাপে ৩ মে ৫৭টি উপজেলায় ভোট গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।