সিসি নিউজ: ধর্মদ্রোহিতার অভিযোগে রাষ্ট্রীয় বাধায় ভারতে থাকা বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ‘নিষিদ্ধ’ নামে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও তাকে দেশে ফেরত আনার দাবিতে সংবাদ সম্মেলন আয়োজন করে আগামী প্রকাশনী।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কোনো লেখকের লেখার বিষয়ে ভিন্নমত কিংবা সমালোচনা থাকলে তার জবাব দিতে হবে ভিন্ন লেখা দিয়ে। এর বিপরীতে বই নিষিদ্ধ করা এবং লেখককে দেশত্যাগে বাধ্য করা কোনোভাবে কাম্য নয়। তারা অবিলম্বে সব বাধা দূর ধরে তসলিমা নাসরিনকে দেশে ফেরত আনার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি। বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ূয়া, তসলিমার বন্ধু নাহিদ সুলতানা ও গণজাগরণ মঞ্চের সংগঠক মারুফ রসূল।
রোবায়েত ফেরদৌস বলেন, লেখার জবাব লেখা দিয়ে দিতে হবে। নিষিদ্ধ করে দেওয়া যাবে না; এমনকি সেটা ধর্মান্ধগোষ্ঠীর লেখা হলেও। তিনি বলেন, একজন লেখকের চিন্তা, শব্দ ও বাক্যের সঙ্গে যদি অন্যজনের ভিন্নমত থাকলে তার জবাব দিতে হবে ভিন্ন চিন্তা, শব্দ ও বাক্যে। তসলিমার একটি লেখার সঙ্গে যদি ভিন্নমত থাকে তাহলে সেটার জবাব দেওয়ার জন্য ১০টি বইও লেখা যেতে পারে।
জ্যোতির্ময় বড়ূয়া বলেন, কোন কারণে কোন আইনে তসলিমাকে নতুন পাসপোর্ট দেওয়া হচ্ছে না, তা স্পষ্ট করছে না সরকার। তাকে পাসপোর্ট দেওয়া হবে না, স্পষ্টভাবে জানানো হলে পরবর্তী আইনি পদক্ষেপে যাওয়া যেত।
তসলিমাকে দেশে ফিরিয়ে আনা ও তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ওসমান গণি বলেন, তসলিমার মানবাধিকার লঙ্ঘন করায় ক্ষতি যত তসলিমার হচ্ছে, তার বেশি হচ্ছে দেশের, সমাজের। নারী যখন কেবল নারী হয়ে জন্মানোর কারণে বঞ্চিত হচ্ছেন, পথে-ঘাটে লাঞ্ছিত হচ্ছেন, যখন স্বাধীনতা বা অধিকার বলতে কিছু নেই নারীর, যখন তসলিমার প্রয়োজন এ দেশে সবচেয়ে বেশি; তখন তসলিমা দেশে নেই। মারুফ রসূল বলেন, মুক্তচিন্তার লেখকদের সঙ্গে এ ধরনের আচরণ বিভিন্ন দেশে ঘটে থাকে। লেখকের সঙ্গে ভিন্নমত থাকলে লেখার মাধ্যমে জবাব দেওয়ার অধিকার সবার আছে; কিন্তু তাকে এবং তার লেখাকে নিষিদ্ধ করা কোনোভাবে মেনে নেওয়া যায় না।