চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় অপহরণের পর তরুণীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামি নাম মো. শাকিল (২২)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সামশু বৈদ্য (৫০) নামের আরেক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৩ জুন জেলার আনোয়ারা উপজেলার গুজরা এলাকার হাজী জাফরের পুত্র শাকিল ও তার সহযোগী সামশু প্রতিবেশী এক তরুণীকে অপহরণ করে। অপহৃত তরুণীকে উপজেলার হাইলধর গ্রামে একটি কাচারী ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে শাকিল।
এ ঘটনায় ওই তরুণী একই বছরের ২২ জুন বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১২ সালের ১৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগপত্রে উল্লেখিত ১৯ জন স্বাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।