নিউজ ডেস্ক: ৩৬৫ দিনে এক বছর। লিপ ইয়ার হলে দিন বাড়ে আরো একটি। কিন্তু ৩৬৪ দিনে বছর! গোলমেলে লাগলেও এমন অদ্ভুত ঘটনাও ঘটেছে পৃথিবীতে।
দক্ষিন প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপ সামোয়া ও টোকিলো। ডিসেম্বর মাস ৩১ দিনের হলেও ২০১১ সালের ৩০ ডিসেম্বর দিনটি দ্বীপ দুটিতে ছিল না। ২৯ ডিসেম্বর রাত্রি ১২ টা অর্থাৎ মধ্য রাতের পর সামোয়া ও টোকিলোর বাসিন্দারা পা দেন ৩১ ডিসেম্বরে। ৩০ ডিসেম্বর যেন তাদের ক্যালেন্ডার থেকে গায়েব হয়ে গিয়েছিল ২০১১ সালে। বছর শেষ হবার একদিন আগেই সামোয়া ও প্রতিবেশী দ্বীপ টোকিলোর বাসিন্দারা মেতে ওঠেন বর্ষ শেষের আনন্দে।
সকল নিয়মের বাঁধ ভেঙে কেন ঘটল এই অদ্ভুত ঘটনা? আসুন জেনে নিই কেন তাদের ক্যালেন্ডার থেকে বাদ গিয়েছিল ওই দিনটি।
আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে ও পশ্চিমে ১ দিন অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধান হয়। ১১৯ বছর আগে একদল মার্কিন ব্যবসায়ী এই দ্বীপের লোকজনকে বুঝিয়ে আমেরিকার সাথে বাণিজ্যিক সম্পর্ক করিয়ে দেন। নিজেদের বাণিজ্যিক স্বার্থের কথা ভেবে আমেরিকার সঙ্গে মিলিয়ে সামোয়া এবং টোকিলোর বাসিন্দারা নিজেদের সময় পাল্টে নেন।
কিন্তু এর জন্য তাদেরকে প্রায় ২১ ঘণ্টা সময় পিছিয়ে থাকতে হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে। এতে তাদের লাভের থেকে ক্ষতিই হচ্ছিল বেশি। তাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে সমতা বজায় ও পিছিয়ে থাকা ২১ ঘণ্টা এগিয়ে আনতে সামোয়া প্রশাসন ২০১১ সালের মে মাসে সিদ্ধান্ত নেন তারা তাদের চলমান বছরটির শেষ একটি দিন বিসর্জন দেবেন। আর সে কারণেই পুরোপুরি গায়েব হয়ে যায় ৩০ ডিসেম্বর। ৩৬৪ দিনে বছর পালনের নজির তৈরি হয়।