বিনোদন ডেস্ক: রুপালী পর্দা, গ্ল্যামার জগতকে বিদায় জানানোর সিদ্ধান্ত জানিয়েছেন পাকিস্তানের লাস্যময়ী অভিনেত্রী ভিনা মালিক। কোন আইটেম সং বা ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন পোজে নয়, এখন থেকে সামাজিক ও ধর্মীয় কর্মসূচিতে পাওয়া যাবে ২৯ বছর বয়সী এই অভিনেত্রীকে।
বিগ বসে তার অস্মিত প্যাটেলের সঙ্গে ঘনিষ্ঠতা, ভারতের একটি ম্যাগাজিনের প্রচ্ছদে তার ‘টপলেস’ ছবি প্রকাশসহ নানা বিতর্কে নিজেকে জড়িয়েছেন তিনি। ভিনার শরীরি হিল্লোল শুধু পাকিস্তানকেই কাঁপিয়ে দেয়নি, ঝড় তুলেছে সীমান্তের পারের আরব সাগরের পূর্ব তীরেও।
এখন থেকে শুধুই সামাজিক ও ধর্মীয় মঙ্গল হবে, এমন কর্মসূচিতেই থাকবেন ভিনা। ভিনার এই স্বেচ্ছানির্বাসনের পেছনে রয়েছেন মাওলানা তারিক জামিল নামে এক মৌলভী। তিনিই ভিনার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন।
ভিনা বলেছেন, কখনোই ওড়না না খোলার জন্য মাওলানা সাহেব আমায় শপথ করিয়েছেন। বাকি জীবনটা এই শপথ মেনেই চলবো। অন্যদের মতো আমিও ভুল করেছি। আল্লাহর কাছে সেজন্য ক্ষমাও চেয়েছি। এখন পাকিস্তানের মানুষের উন্নয়নে কাজ করতে চাই।
ভারতের যে পরিচালকের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন তা বাতিল করে দেবেন ভিনা। আপাতত ভিনা এখন তাঁর স্বামীর সঙ্গে সৌদি আরবে রয়েছেন।
পিটিআই সূত্রে জানা গেছে, ভিনা তার স্বামীর সঙ্গে পাকিস্তানের একটি নিউজ চ্যানেলে সকালের একটি শো হোস্ট করবেন। বিশ্বব্যাপি তাঁর সকল ভক্তরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাবেন বলে মনে করেন ভিনা।