মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর কাছে পুলিশের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। নিখোঁজ রয়েছেন আব্দুল মালেক নামের এক কনস্টেবল।
মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশের সন্ধানে দমকল বাহিনীর ডুবুরী উদ্ধার তৎপরতা শুরু করেছে। ডাকাতরা পালিয়ে গেছে। তবে ডাকাতদের ব্যবহৃত ট্রলার ও লুন্ঠিত মালামাল আটক করা হয়েছে। ট্রলার থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রও পাওয়া গেছে।
গজারিয়া থানার ওসি মামুনুর রশীদ জানান, মঙ্গলবার দিনগত রাত সোয়া ২টার দিকে মেঘনা নদীতে টহলরত নৌ পুলিশের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধ হয়। সে সময় জলদস্যুদের লক্ষ্য করে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। এতে কনস্টেবল মালেক গুলিবিদ্ধ হয়ে মেঘনায় ডুবে যান। ডাকাতরা গুলিবিদ্ধ হলেও কুয়াশার কারণে তাদের আটক করা যায়নি। ঢাকা থেকে ডুবুরী দল মেঘনা সেতুর দক্ষিণ পাশে বুধবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
ওসি জানান, পুলিশ নদীতে দস্যুদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া দিলে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় জলদস্যুরা ইঞ্জিন চালিত নৌকায় করে টহল পুলিশের ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকায় গুলি ও ইটপাটকেল ছোড়ে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশের ট্রলারে মোট চার পুলিশ সদস্য ছিলেন।