আন্তর্জাতিক ডেস্ক: এবার ভারতের রাষ্ট্রপতিকে রাজনীতির মঞ্চে টেনে আনলেন নরেন্দ্র মোদী। তিনি মনে করেন, প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হতে দেয়নি কংগ্রেস।
বুধবার কলকাতায় বিজেপির সভায় মোদী কংগ্রেসের পরিবারতন্ত্রের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করেনি কংগ্রেস।
সভার শেষ দিকে কংগ্রেসের সমালোচনায় মুখর মোদীর মুখে হঠাত্ই উঠে আসে প্রণব মুখোপাধ্যায়ের নাম। তিনি বলেন, ‘ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পর রাজীব, প্রণবকে করা উচিত ছিল। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর
প্রণব মুখোপাধ্যায় দলের প্রবীণ নেতা ছিলেন। কিন্তু নেহেরু-গান্ধী পরিবার তাঁকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। মোদী মনে করেন, প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভাল হত।
প্রণব মুখোপাধ্যায়ের ভারতের প্রধানমন্ত্রী না হতে পারা নিয়ে আলোচনা দীর্ঘদিনের। কিন্তু তিনি এখন রাষ্ট্রপতি। তাঁকে রাজনীতির আঙিনায় এভাবে টেনে আনায় ভারতজুড়ে বিতর্ক শুরু হয়েছে। বাংলার মানুষের ভাবাবেগকে নাড়া দিতেই কি কলকাতায় এমনটা করলেন নরেন্দ্র মোদী, এমন প্রশ্ন উঠছে।
কারণ, এদিন মমতার সঙ্গে জোটের রাস্তা খুলে রেখেই কংগ্রেস ও বামদের কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। কলকাতায় বিজেপির সভায় তাঁর ঘোষণা, বিজেপিকে জেতালে তিন গুণ লাভ। বাংলায় মমতা কাজ করবেন, কেন্দ্রে আমি কাজ করব আর মাথায় থাকবেন আপনাদের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।