
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় শ্রীনিগমানন্দ স্বারসত সেবাশ্রমে দুঃধর্ষ ডাকাতি। গত বুধবার দিবাগত রাতে ১৫-১৬ জনের একদল ডাকাত সেবাশ্রমের প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। আশ্রমে অবস্থিত লোকজনদের রুমে গিয়ে বাহির থেকে তাদের রুমের দরজায় শিকল আটকিয়ে দেয়। পরে ডাকাত সদস্যরা কম্পিউটার রুমের দরজা ধাক্কা-ধাক্কি ও ভাঙ্গার চেষ্টার শব্দ শুনে আশ্রমের কতিপয় ব্যক্তি চিৎকার করে পাশের রুম থেকে বের হয়ে আসে। এসময় ডাকাতের কয়েকজন সদস্য তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে কম্পিউটার রুমের দরজা ভেঙ্গে একটি ল্যাপটপ ও একটি আইপিএস নেয়। এরপর সেবাশ্রমের মন্দিরে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ডাকাতদল বিভিন্ন ঠাকুরের ছবি ভাংচুর ও তছনছ করে ফেলে রেখে পূজোর কাসার থালা-বাসনসহ প্রায় লক্ষ্যাধিক টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। এই ডাকাতির ঘটনার খবর পেয়ে কাহারোল থানা অফিসার ইনচার্জ মোসাব্বেরুল হক ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পরিদর্শনে করেছেন, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ শামীম আল রাজি, জেলা পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল, এডিশনাল এ.এস.পি মোঃ নাজমুল আলম, বীরগঞ্জ সার্কেল অসিত কুমার ঘোষ।