খেলাধুলা ডেস্ক: চট্টগ্রাম স্টেডিয়ামকে বাংলাদেশ দলের জন্য সব সময় সৌভাগ্যের ভেন্যু হিসেবে বিবেচনা করা হয়। কারন টাইগাররা যে কোন আন্তর্জাতিক টুর্ণামেন্টে সংকটে পড়লেও চট্টগ্রামের ম্যাচে এসে কিছু না কিছু সান্তনা খুঁজে পায়। এবারও তার ব্যত্যয় ঘটেনি।
ঢাকা টেস্টে চরম ব্যর্থতার পরিচয় দেয়ার পর চট্টগ্রামে ২য় টেস্টে অতীত সৌভাগ্যের কথা বিবেচনায় রেখে সফলতার আশ্বাস খুঁজলেও শুরু থেকেই বেশ হোঁচট খেতে হয়েছে টাইগারদের। তবে শেষ পর্যন্ত ভাগ্যদেবীও সহায়তা করেছে স্বাগতিকদের।
সফরকারী লংকানদের বিপক্ষে ফিল্ডিং দিতে গিয়ে ২য় টেস্টের প্রথম দিনেই ইনজুরির কবলে পড়েন অধিনায়ক মুশফিকুর রহিম ও স্পিনার আবদুর রাজ্জাক। মুশফিকুর আঘাত পেয়েছেন তার হাতের আঙ্গুলে। আর রাজ্জাক পড়েছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। নতুন করে তৃতীয় ক্রিকেটার হিসেবে ওই তালিকায় নাম লিখিয়েছেন ইমরুল কায়েস।
চলতি টেস্টের দ্বিতীয় দিন থেকে উইকেটের পেছনে সময় দিতে হয়েছে সামসুর রহমানকে। রাজ্জাকও মাঠে নামতে পারেননি মাঠে। বিকল্প ফিল্ডার দিয়ে সামাল দিতে হয়েছে টাইগারদের। সামশুর রহমান অনিয়মিত উইকেটরক্ষক হবার কারণে মাশুলও গুনতে হয়েছে টাইগারদের। দিতে হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি রান। আর এরই ধারাবাহিকতায় সফরকারী দলের সিনিয়র ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা সংগ্রহ করেছেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। মূলত তিনি একাই ১ম ইনিংসে রানের তলায় চাপা দিয়ে দিয়েছে টাইগারদের।
সর্বশেষ বাংলাদেশ দলের ইনজুরির খাতায় নাম লিখিয়েছেন ইমরুল কায়েস। বাংলাদেশের হয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের খাতায় নাম লেখানো এই ব্যাটসম্যান আজ মাঠ ছেড়েছেন হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে। মেন্ডিসের বল ডাউন দ্য উইকেট হাকাতে গিয়ে পেশিরটানজনীত ইনজুরিতে পড়েন ইমরুল। এসময় বোল্ড আউটের শিকার হন তিনি। এর আগে অবশ্য ক্যারিয়ার সেরা ১১৫ রান সংগ্রহ করেন স্বাগতিক ওই ব্যাটসম্যান।
বাংলাদেশ ক্রিকেট দলের মেডিকেল দল সুত্র মতে শুরুতে ইমরুলের ইনজুরি কিছুটা মারাত্মক বলে মনে হলেও খুব বেশি গুরুতর নয়। তার দেহের বাঁ দিকে হ্যামস্ট্রিং সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিসিবি’র চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী।
তাঁকে আইস থেরাপিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন তাক্ষণিকভাবে তার সঠিক অবস্থা বলা মুশকিল। এদিকে সুখবর হচ্ছে ইনজুরিতে পড়া সত্ত্বেও আজ আবার ব্যাট হাতে নেমেছিলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশ দলকে শক্ত ভিত গড়ে দেয়ার পর দুই সেঞ্চুরিয়ান সামশুর রহমান ও ইমরুল কায়েসের বিদায়ের পর মোমিনুল হকও (১৩) বিদায় নিলে বিশ্ব সেরা অল রাউন্ডার সাবিক আল হাসনের সঙ্গে জুটি বাধতে মাঠে নেমেছিলেন তিনি। যদিও ব্যক্তিগত ২০ রানেই মাঠ ছাড়তে হয়েছে তাকে।
সৌভাগ্যের ভেন্যুতে ইনজুরি আঘাত হানলেও ভাগ্য দেবীর সহায়তায় বেশক’টি সুযোগও লাভ করেছে টাইগার দলের দুই সেঞ্চুরিয়ান। ফলে বাংলাদেশ দলকে টেনে একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দিতে পেরেছেন ইমরুল কায়েস ও সামশুর রহমান।
দিনশেষে আট উইকেটের বিনিময়ে ৪০৯ রান নিয়ে মাঠ ছেড়ে স্বাগতিকরা। মাহমুদুল্লাহ ৩০ ও আল আমিন ৩ রান নিয়ে অপরাজিত আছেন।
আগামীকাল শুক্রবার সকাল ৯ টার দিকে চতুর্থদিনের খেলা শুরু হবার কথা রয়েছে।