
ঢাকা: পরপর ৪ বার ভাঙ্গনের মুখে প্রায় অস্তিত্ব সংকটে পড়েছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। দলটির কেন্দ্রীয় কমিটিও বর্তমানে লেজে গোবরে অবস্থায়। প্রেসিডিয়াম, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ পুরো কেন্দ্রীয় কমিটি এখন ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে।
দলটির ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, ৪১ জন প্রেসিডিয়াম সদস্যের তালিকায় ৪৮ জনের নাম রয়েছে। এই ৪৮ জনের তালিকায় অন্যতম নামগুলো হলো- কাজী জাফর আহমদে, গোলাম মসিহ, ড. টি আইএম ফজলে রাব্বি মিয়া, ব্রি. কাজী মাহমুদ হাসান, মোস্তফা জামাল হায়দার, এসএমএম আলম, আহসান হাবীব লিংকন, মুজিবর রহমান যুক্তিবাদী। যদিও নির্বাচনে যাওয়া নিয়ে এরশাদের ওপর ক্ষুব্ধ হয়ে দল ছাড়েন এরা।
পরবর্তীতে কাজী জাফরের নেতৃত্বে নতুন দল গঠন করে তারা। এদের মধ্যে শুধু কাজী জাফর ও গোলাম মসিহকে প্রেসিডিয়ামের পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বাকিরা এখনও এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেননি, তাদেরকে অব্যাহতিও দেয়া হয়নি।
এব্যাপারে কাজী জাফরের ব্যাখ্যা, আমরাই মূল জাতীয় পার্টি। সুতরাং পদত্যাগ বা অব্যাহতির প্রশ্নই আসে না। বরং আমরাই এরশাদকে জাপা থেকে অব্যাহতি দিয়েছি। যদিও পরবর্তীতে গোলাম মসিহ এরশাদের জাতীয় পার্টিতে ফিরে গেছেন।
এদিকে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলছেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। তারা কাজী জাফরের সঙ্গে যাওয়ার সময় বলে গেছে, তাদের যেনো ভুল না বুঝি। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই সেখানে গিয়েছেন। অচিরেই ফিরে আসবেন। আনুষ্ঠানিকভাবে এরা এখনও প্রেসিডিয়াম পদে বহাল রয়েছেন বলেও জাপা মহাসচিবের দাবি।
কিন্তু জাপা সূত্রে জানা যায়, সম্প্রতি ৪০ সদস্যের একটি প্রেসিডিয়ামের খসড়া তালিকা প্রস্তুত করেছে দলটি। এরমধ্যে এদের কারোরই নাম নেই। এমনকি ব্রিগে. (অব.) কাজী মাহমুদ হাসানও অনুপস্থিত ওই তালিকায়। যদিও মঙ্গলবার রাতে তার মৃত্যুর পর তাকে জাপা প্রেসিডিয়াম সদস্য উল্লেখ করে শোকবাণী দিয়েছিলেন এরশাদ।
আর গোলাম মসিহর ব্যাপারে জাপা প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদের বক্তব্য হচ্ছে, জাতীয় পার্টি থেকে গোলাম মসিহ পদত্যাগ করেছেন। তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। সুতরাং রওশনের রাজনৈতিক সচিবের পাশাপাশি তার প্রেসিডিয়াম পদটিও বহাল রয়েছে।
কিন্তু গত বছরের ৩১ অক্টোবর জাপা চেয়ারম্যানের প্রেস এ- পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাম মসিহকে প্রেসিডিয়ামসহ পার্টির সাধারণ সদস্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে জাপার নতুন প্রেসিডিয়ামের খসড়া তালিকাটিতেও নাম নেই গোলাম মসিহ‘র। যদিও গোলাম মসিহ নিজেও দাবি করছেন তিনি এখনও প্রেসিডিয়াম সদস্যের পদে বহাল রয়েছেন।
শুধু প্রেসিডিয়ামই নয়, দলটির ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটিগুলোতেও দেখা গেছে এমন অসঙ্গতি। এসব অসঙ্গতি থেকে কাটিয়ে উঠে সাংগঠনিক কাঠামো ও কর্মপরিকল্পনা ঠিক করতে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
আগামী দুই মাসের মধ্যে প্রতিটি জেলা, উপজেলায় কাউন্সিল ও নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে বলে জানান দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
শীর্ষ নিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, মার্চের মধ্যেই জাপার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হবে। নতুন নেতৃত্ব তৈরির পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের আগেই দলকে একটি শক্ত অবস্থানে দাঁড় করাতে চান জাপা চেয়ারম্যান।