
ঢাকা: দশম সংসদ নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য সুখকর নয় মন্তব্য করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে বিগত কমিশনের অর্জন শৃঙ্খলা ভেঙে ফেলা হয়েছে। আগের কমিশন জাল ভোট ও সিল মারার ঘটনা বন্ধ করলেও এবার তা দেখা গেছে। আগের অবস্থা তৈরি করতে এখন সংগ্রাম করতে হবে। তিনি বলেন, মানুষ ভয়ে ভোট দিতে যায়নি। আগের জাতীয় নির্বাচনে মানুষ উৎসব করে ভোট দিয়েছে, কিন্তু বিগত নির্বাচনে তা দেখা যায়নি। গতকাল বুধবার রাজধানীতে অনুষ্ঠিত এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দশম জাতীয় নির্বাচনের পর এ বিষয়ে এই প্রথম মুখ খুললেন সাবেক এই সিইসি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যা হয়েছে তা গ্রহণযোগ্য না বর্জনীয় তা আসল বিষয় নয়। এই নির্বাচনের গুণাগুণ গণতন্ত্রের জন্য মোটেও সুখকর নয়। নিজে প্রধান নির্বাচন
কমিশনের দায়িত্ব পালনকালে কমিশনের অবস্থা সম্পর্কে ড. এটিএম শামসুল হুদা বলেন, ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর করার যে নিয়ম আমরা করেছিলাম, অনেক সংগ্রাম করে সুষ্ঠু নির্বাচনের যে আবহ সৃষ্টি করেছিলাম, ৫ই জানুয়ারির অনাকাঙ্ক্ষিত নির্বাচনের মধ্য দিয়ে তা বিনষ্ট হয়ে গেছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এটি আমার কাছে খুবই দুঃজনক। এই যে নির্বাচনের সময় সিল মারার ঘটনা, জাল ভোটের মতো ঘটনা পত্রিকায় দেখেছি- তা আমরা বন্ধ করার উদ্যোগ নিয়েছিলাম। এখন এমন বিষয় আবার প্রতিষ্ঠা করতে অনেক সংগ্রাম করতে হবে। ৫ই জানুয়ারির ভোটারবিহীন ওই নির্বাচনে সিল-ছাপ্পর মারার মধ্য দিয়ে যা ঘটেছে তা বানরের তৈলাক্ত বাঁশে ওঠার মতো। এতে নির্বাচন কমিশনের সুসংহত অগ্রযাত্রা স্থবির হয়ে গেছে। রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা প্রত্যাশা করে তিনি বলেন, দেশ ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা পিছিয়ে গেছে। আশা করি তা অনুভব করে নেতৃবৃন্দ সমঝোতায় পৌঁছবেন। একটা ভাল পরিবেশ সৃষ্টি করে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সেদিকে তাকিয়ে আছি। এখন আর সন্ত্রাসের রাজনীতি চলবে না’ মন্তব্য করে ড. এটিএম শামসুল হুদা বলেন, ওই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, হিংসা সন্ত্রাসের পথ ধরে ক্ষমতার রাজনীতি আর চলবে না। সন্ত্রাসকে কখনও ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। এই বাংলাদেশ এখন ’৭০-’৭৫ সালের বাংলাদেশ নয়। দেশের মানুষ অনেক এগিয়েছে। তারা সন্ত্রাস, অশান্তি, নৈরাজ্য চায় না। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা সম্পর্কে তিনি বলেন, আন্দোলনে সহিংসতা থাকলে জনগণ আন্দোলনে থাকে না। দশম সংসদ নির্বাচনের আগে আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়নি।
ড. এটিএম শামসুল হুদা স্মৃতিচারণ করে বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে ঈদের মতো মানুষ ছুটি নিয়ে ভোট দেয়ার জন্য গ্রামে গেছে। আনন্দঘন পরিবেশ ছিল। দশম নির্বাচনে এমনটি কেন হলো না? তিনি বলেন, অনেক কেন্দ্রে একটা ভোটও পড়েনি। আওয়ামী লীগের লোকজনও ভোট দিতে যায়নি। কারণ যাওয়ার কোন উপায় ছিল না। ড. এটিএম শামসুল হুদা বলেন, দেশে আওয়ামী লীগের ভোটার ৩৫ ভাগ, বিএনপির ৩৫ ভাগ, জাতীয় পার্টির ৭ ভাগ এবং অন্যান্য দলের দুই থেকে আড়াই ভাগ। বাকি যে ভোটার তারা নিরপেক্ষ। এই নিরপেক্ষ ভোটাররাই জয়-পরাজয় নিশ্চিত করেন।
‘দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনে জনগণ সাড়া দিয়েছে কিনা’ শীর্ষক ‘মক পার্লামেন্টে’ দীর্ঘ বিতর্কের পর বিরোধী দল জয়ী হয়। ‘ডিবেট ফর ডেমেক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন এটিএন বাংলার অনুষ্ঠান পরিচালক নওয়াজেশ আলী খান। বিতর্কে সরকারি দলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেবাংশু ঘোষ শুভ, তাসিন নাসির ও সাব্বির আহমেদ এবং বিরোধী দলে ইবাইস ইউনিভার্সিটির রিয়াজুল ইসলাম, অনিতা ইসলাম ও মাসুদ শিকদার বক্তব্য রাখেন। এতে বিচারকের দায়িত্ব পালন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, অধ্যাপক ড. শূচিতা শরমিন ও এ এইচ এম সোলায়মান।